মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজে ছাত্রদলের বিক্ষোভ
-
Reporter Name - Update Time : ১০:১৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- ১৭৭ Time View

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি ঘিরে তীব্র বিরোধ ও প্রতিবাদ দেখা দিয়েছে। ঘোষিত কমিটিতে ছাত্রলীগের পরিচিত নেতাদের অন্তর্ভুক্তি এবং ছাত্রদলের দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও রাজপথের কর্মীদের বঞ্চনার অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন একাংশের ছাত্রদল নেতাকর্মী। তারা এই কমিটিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য দাবি করে তা বাতিলের দাবি জানিয়েছেন। আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “এই কমিটিতে ছাত্রলীগের একাধিক সক্রিয় নেতাকে স্থান দেওয়া হয়েছে, যা ছাত্রদলের আদর্শ, গঠনতন্ত্র ও রাজনীতির পরিপন্থী। একই সঙ্গে রাজপথের পরীক্ষিত, নির্যাতিত এবং হামলা-মামলার শিকার নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে।” বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রিমন দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত-ই সাজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা ও রকি বাবু, ছাত্রী বিষয়ক সম্পাদক সুমি আক্তার, সদস্য মো. শুভ, হৃদয় হাসান, ফজলে রাব্বি ও আশিকুর রহমান প্রমুখ। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি অবিলম্বে এই কমিটি বাতিল না করা হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।” এ বিষয়ে কলেজ ছাত্রদলের সভাপতি মো. এজাজ আহম্মেদ পায়েল জানান, “কেন্দ্র থেকে প্রতিনিধিরা এসে যোগ্য বিবেচনায় যাদের মনে করেছে, তাদেরকেই কমিটিতে জায়গা দিয়েছে।” তবে আন্দোলনকারী নেতাকর্মীদের অভিযোগ, এই কমিটি গঠনের পেছনে যোগ্যতার চাইতে প্রভাব ও পরিচিতির ভিত্তিতে অছাত্র, ছাত্রলীগ সংশ্লিষ্ট এবং সুযোগসন্ধানীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে প্রকৃত ছাত্রদল নেতারা অবমূল্যায়নের শিকার হয়েছেন।





















