
শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) খুলনায় “সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা”এই প্রতিপাদ্য নিয়ে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান, সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ মুরিদ আলী, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজ ও দেশের সম্পদ। তাঁদের অবহেলা না করে সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হবে। প্রবীণদের কাউকে যেন শেষ জীবনে এসে অসহায় জীবন কাটাতে না হয় সে ব্যাপারে সকলকে যন্তশীল হতে হবে। প্রবীণরা সমাজে সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এবিষয়ে সামাজিক ও পারিবারিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে। বর্তমান সরকার প্রবীণবান্ধব। প্রবীণদের নিরাপদ ও মর্যাদার জীবন নিশ্চিতে সরকার কাজ করছে। তাঁদের সুরক্ষায় পিতা-মাতার ভরণ পোষণ আইন ২০১৩ প্রণয়ন করা হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।