ফুলপুরে তুষারকে গ্রেফতারের কারণ অস্পষ্ট পরিবারের কাছে, নিঃশর্ত মুক্তি দাবি
-
Reporter Name - Update Time : ০৫:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- ১ Time View

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে তারেকুর রহমান তুষার নামে রড সিমেন্ট ব্যবসায়ী এক যুবককে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। এর প্রতিবাদে তুষারের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সোমবার (২৫ মে) বেলা আড়াইটার দিকে ফুলপুর বাসস্ট্যান্ডে ঘাসফড়িং রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য উপস্থাপন করেন তুষারের বড়ভাই মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন- ২১ মে রাত ৮টার দিকে ফুলপুর পৌরসভার চরপাড়া খাদ্য গুদাম সংলগ্ন এমবিশন ট্রেডার্স নামীয় রড সিমেন্টের দোকান থেকে ‘ওসি সাহেব থানায় ডেকেছে বলে’ আমার ছোটভাই তারেকুর রহমান তুষারকে দুইজন পুলিশ এসে উঠিয়ে নিয়ে গেলেও মামলার অভিযোগ পত্রে ২২ মে উল্লেখ করা হয়েছে। কিন্তু কি দোষে বা কি কারণে গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি আজও আমাদের পরিবারের সদস্যদের কাছে অস্পষ্ট। মামলার অভিযোগ পত্রে প্রকাশ- ২০২৫ সনের ১৫ আগস্ট দুষ্কৃতিমূলক উদ্দেশ্যে একটি মিছিলে উপস্থিত ছিল তুষার কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এর কোন প্রমাণ নেই। প্রমাণ থাকলে আমাদেরকে দেখাতে হবে। আমাদের প্রশ্ন, আমার ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে- কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এই অভিযোগ আনা হয়েছে? তাকে থানায় ডাকার প্রকৃত কারণ কেন গোপন রাখা হয়েছিল? একজন নাগরিক তার পরিবার কি অন্ততঃ অভিযোগের ধরণ জানার অধিকার রাখে না? এসময় বক্তব্যে তিনি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তিনি বলেন, যদি কোন অভিযোগ তার বিরুদ্ধে থাকে তাহলে এর আইনগত স্বচ্ছতা উপস্থাপন করা হোক। আর যদি অভিযোগের পক্ষে যথেষ্ট ভিত্তি না থাকে তাহলে একজন নির্দোষ মানুষের সম্মান স্বাধীনতা ও অধিকার যেন ক্ষতিগ্রস্ত না হয়। তিনি আরও বলেন, এ ঘটনার কারণে আমাদের পরিবার মানসিক ও সামাজিকভাবে চরম কষ্টের মধ্যে রয়েছে।
একজন কর্মরত মানুষকে থানায় ডেকে নিয়ে কারণ না জানিয়ে আটক রাখা এটা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক অভিজ্ঞতা। আমাদের দাবি- পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। অভিযোগের ভিত্তি ও তথ্য প্রমাণ আইনগত ও স্বচ্ছভাবে উপস্থাপন করতে হবে। আটক ও মামলার প্রক্রিয়ায় কোন অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখতে হবে। পরিবার যেন কোন ধরনের অপ্রয়োজনীয় চাপ বা হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। সবশেষে তারেকুর রহমান তুষারের বড়ভাই মোঃ আসাদুজ্জামাম বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে আনিত অভিযোগের পক্ষে যেহেতু স্পষ্ট কোন প্রমাণ নেই তাই আমরা আমাদের ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবি করছি। এসময় তারেকুর রহমান তুষারের বড়বোন শারমিন আক্তার তার স্ত্রী আইরিন আক্তার ইভা, ভাগ্নি মারিয়া মুনা, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, মোস্তফা খান, মিজানুর রহমান আকন্দ, নাজমুল হাসান রাজন, কামরুল ইসলাম খান, সেলিম রানা, জাহিদুল ইসলাম ইমন, বাহার উদ্দিন, মোঃ আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।




















