বগুড়ার শাজাহানপুরে উন্নয়ন মেলায় স্টল আছে লোক নাই
-
Reporter Name - Update Time : ০৩:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- ১৯৬ Time View

বগুড়া সংবাদদাতাঃ
১৪সেপ্টেম্বর জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অংশ গ্রহণে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৩দিন ব্যাপী উপজেলা পর্যায়ের উন্নয়ন মেলা শুরু হয়েছে।
শাজাহানপুর উপজেলা প্রশাসন আয়োজনে রবিবার (১৭সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ১৩টি স্টল নিয়ে এই মেলা শুরু হয়। দেশে এবারই প্রথম এই মেলা শুরু হয়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে।
মেলায় অংশ নেয়া স্টল গুলোর মধ্যে রয়েছে উপজেলা পরিষদ, হেল্প ডেক্স, ৯টি ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রকৌশল অফিস এবং জনস্বাস্থ অফিস। মেলা ঘুরে অধিকাংশ স্টল গুলোই লোক শূণ্য দেখা গেছে।
এর আগে সকাল ১০টায় মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সাইদা খানম। এরপর র্যালী শেষে স্টল পরিদর্শন করেন এবং বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুতি” বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি।
মেলায় অংশ নেয়া উপজেলা প্রকৌশল অফিসের স্টলে গিয়ে পাওয়া যায় একজনকে। নিজের পরিচয় না দিয়ে তিনি বলেন, স্যারেরা(প্রকৌশল অফিসের অফিসারেরা) অফিসে আছেন। কিছু জানতে চাইলে সেখানে গিয়ে কথা বলেন। মেলা বিষয়ে আমার কিছু জানা নেই।
জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের স্টলে গিয়ে দেখা হয় অফিসের স্টাফ আব্দুল মজিদ এর সাথে। তিনি বলেন, আমরা সরকারের উন্নয়ন তুলে ধরছি। কেউ পানি নিয়ে আসলে তাঁতে আর্সেনিক আছে কিনা তা পরীক্ষা করে জানিয়ে দিচ্ছি। আমরা প্রতি বছরে ২শত ৩৪টি করে টিউবওয়েল দিচ্ছি। এই সরকার দেশের জন্য প্রচুর উন্নয়ন করেছে। যেদিকে তাকাবেন সরকারের উন্নয়ন চোখে পড়বে। রাস্তাঘাট থেকে শুরু করে যা দেখছেন সবই এই সরকারের উন্নয়ন।
অন্য স্টল গুলোতে কেউ না থাকায় কারো সাথে কথা বলা যায়নি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সাইদা খানম জানান, মেলাটা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের কার্যাবলী এবং তাদের স্টলে বসে সেবাপ্রদান সহ বিবিধ কর্মসূচি নিয়ে। এটা ১৭থেকে ১৯সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩দিন চলবে।

















