মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২
-
Reporter Name - Update Time : ০১:৩৩:১০ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- ১৪১ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৮ মার্চ) রাত ৮ টার দিকে সতিহাটের পূর্ব পার্শ্বে নওগাঁ-রাজশাহী মহাসড়কের জালাঘাটি মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সাদ্দাম হোসেন (২৪) উপজেলার মৈনম মোল্লাপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে এবং আহত সবুজ রায়পুর গ্রামের রাজেন্দ্রনাথের ছেলে। আরেকজন আহত ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮ টার দিকে সতিহাট বাজার থেকে তারা দুটি মোটরসাইকেল নিয়ে মৈনম বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে নওগাঁর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সাদ্দাম হোসেন ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় পরে যায়। এসময় সাদ্দামের মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং অপর দুইজনের মেরুদণ্ড ও হাটুতে আঘাত পায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এরপর সাদ্দাম ও অপর জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সময় পথিমধ্যে দেলুয়াবাড়ি পৌঁছালে সাদ্দাম হোসেন মৃত্যু বরণ করেন। মান্দা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে । অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।















