খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে প্রেসব্রিফিং অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০১:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- ১৭১ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় ও খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে আগামী ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত খুলনার বয়রায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হবে। বইমেলা উপলক্ষ্যে বুধবার (২৫ অক্টোবর) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমান গণমাধ্যমকর্মীদের সাথে ব্রিফিং করেন।
ব্রিফিংয়ে জানানো হয়, খুলনার বয়রায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠেয় বইমেলায় মোট ৯০টি স্টল থাকবে। ঢাকা থেকে আগত প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য ৬০টি স্টল থাকবে। এছাড়া ১০টি স্টল থাকবে খুলনা বিভাগের ১০টি জেলার জন্য। এখানে জেলার কবি, সাহিত্যিক, প্রকাশকগণ তাদের নিজস্ব প্রকাশনাগুলোর প্রদর্শন ও বিক্রয় করতে পারবেন এবং সরকারি দপ্তরের জন্য ছয়টি স্টল থাকবে। মেলায় আগত দর্শনার্থী, ক্রেতা ও পাঠকদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকবে। বইমেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিন আলোচনা সভা, সেমিনার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, বিষয়ভিত্তিক প্রবন্ধপাঠ, শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু-কিশোরদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, জাতীয় গ্রন্থাগারের সহকারী পরিচালক প্রমূখ।
আগামী ২৮ অক্টোবর বিকাল চার ঘটিকার সময় বইমেলার উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ সভাপতিত্ব করবেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক সচিব খলিল আহমেদ।


















