আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ সফলভাবে সম্পন্ন
-
Reporter Name - Update Time : ০৭:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- ০ Time View

মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ
ভালুকায় ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ৫৪নং ধামশুর মামারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকে উভয় দলের খেলোয়াড়দের মাঝে দারুণ ক্রীড়াশৈলী ও প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। নির্ধারিত সময় শেষে সাতেঙ্গা দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয় তুলে নিয়েছে মামারিশপুর দল। এই উত্তেজনাকর খেলাটিকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
খেলায় ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক এবং আসন্ন ৭ নং মল্লিক বাড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুল আহাম্মেদ বকুল।
উল্লেখ্য, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার প্রাইজ মানি ও পুরস্কার এবং রানার্স আপ দলের জন্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার প্রাইজ মানি ও পুরস্কার ঘোষণা করা হয়েছে। স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকদের উপস্থিতিতে আজকের খেলাটি সম্পন্ন হয়।

















