কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
-
Reporter Name - Update Time : ১২:২৯:০০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- ১৯১ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে হাটতে গিয়ে পিক-আপের ধাক্কায় সুশীলা রায় (৭০) নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার মঙ্গলকোট বাজার সংলগ্ন এলাকায় যশোর-চুকনগর মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত উপজেলার বসুন্তিয়া গ্রামের মৃত সুনীল রায়ের স্ত্রী।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বসুন্তিয়া গ্রামের মৃত সুনীল রায়ের স্ত্রী সুশীলা রায় শনিবার ভোরে ঘুম থেকে উঠে যশোর টু চুকনগর মহাসড়কে হাটতে বের হয়। মঙ্গলকোট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সামনে পৌঁছালে যশোর টু চুকনগর মহাসড়কে যশোরের দিক থেকে ছেড়ে যাওয়া দ্রুতগতির ঢাকা মেট্রো-ড-১১-৮২৭৭ নাম্বারের পিক-আপ পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং পিক-আপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে থেমে যায়। ওইসময় ড্রাইভার গাড়ী ফেলে দ্রুত পালিয়ে যায়। এই মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার এবং ঘাতক পিক-আপটি জব্দ করেন।
এ ব্যাপারে খর্নিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শওকত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিক-আপটি জব্দ করাসহ একটি মামলা হয়েছে।




















