ভালুকার নয়নপুর বাজারে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
-
আবু ইউসুফ - Update Time : ০২:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- ১৭৪ Time View

আবু ইউসুফ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর পশ্চিমপাড়া বাজারে বুধবার (২৪ মে) ভোরে আগুন লেগে চারটি দোকানের প্রায় ১০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসি সূত্রে জানা যায়, এদিন ভোরে ওই বাজারের স্বর্গীয় পরিমল মেম্বারের টিনশেড মার্কেটে আগুন লাগে। মুহুর্তের মাঝে আগুন ওই মার্কেটের চারটি দোকানে ছড়িয়ে পড়ে। ঘটনা টের পেয়ে লোকজন প্রথমে নিজেরাই আগুন নেভাতে চেষ্টা চালায়। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে ভালুকা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই আগুনে আসাদুলের মাছ ও গবাদিপশুর খাদ্যের দোকান, হায়দার আলীর ওয়ার্কসপের দোকান, শাহজাহান মিয়ার মনোহারী দোকান এবং হাজেরা খাতুনের চা-স্টল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়। আগুনের খবর জানতে পেরে মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন ও স্থানীয় ওয়ার্ড মেম্বার আতিকুল ইসলাম তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। টিডব্লিউএ’র সাবেক চেয়ারম্যান সুনীল চন্দ্র বর্মন জানান, টিনশেড মার্কেটটি তার ছোট ভাই পরিমল মেম্বারের। পরিমলের মৃত্যুর পর ওই মার্কেটের দোকান ভাড়ার টাকা দিয়ে তার পরিবারের খরচ চলে। মার্কেটটি পুড়ে যাওয়ায় অর্থকষ্টে পড়বে পরিবারটি। ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমাদের ধারনা। আগুনে যে ক্ষতি হয়েছে এর ক্ষতি পুষিয়ে উঠা কঠিন হয়ে পড়বে। অনেকে ব্যাংক ও সমিতির কাছ থেকে ঋণ নিয়েছে। কিভাবে দিতে এ নিয়ে চিন্তিত তারা। মেম্বার আতিক জানান, আগুনের খবর জানতে পেরে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউপি চেয়ারম্যান আকরাম হোসাইন বলেন, মেম্বারকে নিয়ে ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলি। মার্কেটের মালিক আমাদের পরিষদের সাবেক মেম্বার, তার স্ত্রীসহ পরিবারের লোকজনের সাথে দেখা করি। তাদেরকে পরিষদের পক্ষ থেকে যেটুকু করা যায়, সেটুকু করার আশ্বাস দিয়েছি।
















