ভালুকায় ত্রিপল মার্ডারের প্রধান আসামি নজরুল গ্রেফতার
-
Reporter Name - Update Time : ১০:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- ১০৭ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ গৃহবধূকে হত্যার ঘটনায় প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ নাদির উজ জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন নজরুল। তবে কী কারণে হত্যা করেছেন তা জানা যায়নি।
পুলিশ ও নিহতের স্বামী রফিকুল ইসলাম জানান, প্রায় দেড় মাস আগে ময়মনসিংহের ভালুকা পৌরসভার টিএন্ডটি রোডে একটি বাসা ভাড়া নেন পোশাক শ্রমিক রফিকুল। সেখানে তার সাথে স্ত্রী ময়না বেগম, মেয়ে রাইসা, ছেলে নিরব ও ছোট ভাই নজরুল ইসলাম একসাথে থাকতেন। অন্য দিনের মতো রোববার রাতের ডিউটি শেষ করে সকালে বাসায় ফিরলে বাইরে থেকে ঘরে তালা দেখতে পান রফিকুল। পরে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীদের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকলে খাটের ওপর স্ত্রী ও সন্তানদের লাশ দেখতে পান তিনি। পরে পুলিশে খবর দেয়া হয়।
এদিকে ঘটনার পর রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম পালিয়ে যান। তবে তার রুম থেকে রক্তমাখা দা ও পোশাক উদ্ধার করা হয়। নজরুল আরো একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনায় নিহত ময়নার বড় ভাই জহিরুল ইসলাম নজরুলকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো ১/২ জনের নামে ভালুকা থানায় হত্যা মামলা করেন। পরে ওই মামলায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেফতার করা হয়।














