ভালুকায় চলাচলের রাস্তা বন্ধ করে হয়রানীর অভিযোগ
-
Reporter Name - Update Time : ০৯:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- ১১৭ Time View

জিএম, ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় চলাচলের রাস্তায় খুঁটি পুঁতে প্রতিবন্ধকতা স্থাপনের অভিযোগ উঠেছে বেলাল মুন্সী ও শাহীন আলমের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী ফরহাদ হোসেন বাদী হয়ে বেলাল মুন্সি ও তার কন্যা ফাহিমা খাতুন, ছেলে আবুল কালাম, স্ত্রী রহিমা খাতুন, শাহীন আলমসহ আরো কয়েক জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আওলাতলী এলাকায় ফরহাদের পরিবার দীর্ঘদিন যাবত যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে এই রাস্তাটি ব্যবহার করছেন। পারিবারিক যাতায়াতের রাস্তায় এক তৃতীয়াংশ জমি অভিযুক্তদের থাকায় রাস্তার মাঝখানে সিমেন্টের খুটি পুঁতে জোরপূর্বক বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়ে পরিবার। বিরোধপূর্ণ রাস্তাটি নিয়ে বিগত সময়ে ফরহাদের পিতা আব্দুল হাই বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করিলে চলাচলের জন্য ৬ ফুট প্রশস্থ রাস্তা ব্যবহারের নির্দেশ দেয় আদালত। তবে অভিযুক্তরা আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ওই রাস্তায় প্রতিবন্ধকতা স্থাপন করে অনবরত হয়রানী করছে। গত মঙ্গলবার ফরহাদ হোসেন তার নিজ বাড়ি থেকে সীডষ্টোর বাজারে অবস্থিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে নগদ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে রওনা দিলে অভিযুক্তরা তার গতিরোধ করে। এসময় ফরহাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মোটরসাইকেল ভাংচুর ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে ফরহাদের চিৎকারে স্থানীয় লোকজন ও তার পরিবার এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভূক্তভোগী পরিবার জানায়, অভিযুক্তরা নানা সময় পেশিশক্তি ব্যবহার করে রাস্তা বন্ধসহ প্রাণনাশের হুমকি দিয়ে থাকে। এছাড়াও জাল দলিল সৃজন করে ওই রাস্তা ও অন্যান্য আবাদী-অনাবাদী ভূমি বেদখলের জন্য মরিয়া হয়ে উঠেছে তারা। এসব ভোগান্তি রোধে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তারা।














