খুলনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৪:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- ১৯৫ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)
খুলনায় “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (৫ জুন) সকালে খুলনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ আমাদের বন্ধু, পরিবেশকে ধ্বংস না করে রক্ষা করা আমাদের দায়িত্ব। পরিবেশ বিপর্যয় ঘটলে মানুষ তার সভ্যতাকে হারাবে। প্লাস্টিক পরিবেশকে ধ্বংস করে। যেখানে সেখানে প্লাস্টিক পণ্য না ফেলে নির্দিষ্টস্থানে ফেলতে হবে। প্লাস্টিকের পরির্বতে পাটজাতসহ পঁচনশীল পণ্য ব্যবহার করতে হবে। এই জাতীয় পণ্য ব্যবহারে সকলকে সচেতন করে তুলতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার পলিথিন বর্জনে বদ্ধপরিকর। রূপসা নদীসহ ময়ূর নদ দূষণমুক্ত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি নিজামুল হক মোল্লা, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত শর্মা ও সিভিল সার্জন অফিসের ডাঃ সাদিয়া মনোয়ারা উষা।
আলোচনা সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সালমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেন।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা শুরুর আগে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
























