ভালুকায় দুর্গাপূজা মণ্ডপের রাস্তা সংস্কারকাজের উদ্বোধন ও মণ্ডপ পরিদর্শন
-
Reporter Name - Update Time : ০৫:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- ২ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভক্তদের যাতায়াত সুগম করতে রাস্তা মেরামত ও সলিংকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সাথে ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর দিকনির্দেশনা ও বিশেষ বরাদ্দের আওতায় মল্লিকবাড়ী ইউনিয়নের ৮টি রাস্তা সংস্কার ও সলিংকরণের কাজ শুরু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
রাস্তা সংস্কারকাজের উদ্বোধনের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ সরজমিন পরিদর্শন করেন। এর মধ্যে তিনি যে ৩টি পূজা মণ্ডপসংলগ্ন রাস্তার সংস্কারকাজ উদ্বোধন করেন, সেগুলো হলো:
১. নয়নপুর পূর্বপাড়া ভীমের বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মন্দির
২. নয়নপুর উত্তরপাড়া রাধাকৃষ্ণ শ্রী শ্রী দুর্গামন্দির
৩. রাধারানি হরিদুর্গা মন্দির (নয়নপুর দক্ষিণপাড়া)
পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিকল্প জেনারেটরের ব্যবস্থা এবং সক্রিয় পূজা উদযাপন ও স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে কি না—সে বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি প্রতিটি মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান জানান, “সনাতন ধর্মাবলম্বী ভক্তরা যেন সুন্দর ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য সংসদ সদস্য মহোদয়ের দিকনির্দেশনায় রাস্তা সংস্কারসহ সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে। ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহায়তা অব্যাহত থাকবে।”
ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সংসদ সদস্যের এই সময়োপযোগী পদক্ষেপ ও দিকনির্দেশনাকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও এলাকাবাসী।












