৩৫ বছর পর চাকসু নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা
-
Reporter Name - Update Time : ০৮:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- ৮৪ Time View

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাকসু ভবনে মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে এ প্রক্রিয়ার যাত্রা শুরু হয়। একইসঙ্গে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে। প্রথম দিনে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ও জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ তায়েফুল আলম ফরাজি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি বলেন, “খেলোয়াড়দের অধিকার ও স্বার্থ রক্ষায় দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। এবার চাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন কিছু করার সুযোগ এসেছে। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামছি।” নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন। তবে মনোনয়ন জমা দেওয়ার সময় সবার জন্য ডোপ টেস্টের রিপোর্ট বাধ্যতামূলক। এ পরীক্ষা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রেই সম্পন্ন করতে হবে। চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র বিতরণ চলছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রার্থীদের জন্য তিনটি বুথ রাখা হয়েছে—কেন্দ্রীয় সংসদ, হল সংসদ ও ছাত্রীদের জন্য আলাদা বুথ।” এদিকে, নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, চূড়ান্ত ভোটার তালিকায় নতুন করে আরও ১ হাজার ৭৬৮ শিক্ষার্থী যুক্ত হয়েছেন। ফলে এবার মোট ভোটার দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন। এর মধ্যে ছাত্র ও ছাত্রী আলাদা পরিসংখ্যান আগামী এক-দুই দিনের মধ্যে প্রকাশ করা হবে। নির্বাচনী তফসিল অনুযায়ী,মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫-১৭ সেপ্টেম্বর,যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর,,প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর,প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। কেন্দ্রীয় সংসদের প্রতিটি মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা। নির্বাচন আচরণবিধি অনুযায়ী, ফরম সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল-শোভাযাত্রা বা পাঁচজনের বেশি সমর্থক নিয়ে উপস্থিত হওয়া যাবে না। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট শেষে গণনা শুরু হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে।























