ফুলপুরে ইউপি সদস্যকে মারধরে অস্ত্রের মহড়া
-
Reporter Name - Update Time : ০৬:২১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- ১১১ Time View

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ফুলপুরে এক ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে এলাকাবাসির অস্ত্রের মহড়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভাইটকান্দি বাজারে রোববার এ ঘটনা ঘটে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনা ঝড় উঠে।
জানা যায়, উপজেলার দেওখালি গ্রামের একটি অনুষ্ঠানে গত ২০ জানুয়ারি স্থানীয় কিশোরদের সাথে ভাইটকান্দি বাজারের কিশোরদের ঝগড়া হয়। এ নিয়ে গত ২৮ জানুয়ারি দেওখালি গ্রামের রামভদ্রপুর ইউপি সদস্য সেকান্দর আলী মাঠে কাজ করতে গেলে ভাইটকান্দি বাজারের কিশোরদল ধরে নিয়ে যায়। তাকে মারধর করে আবু মিয়ার দোকানে দীর্ঘ সময় আটকে রাখে। এ ঘটনায় ইউপি সদস্য বাদি হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা বিষয়টি মিমাংসার কথা বললেও সুরাহা না করায় দেওখালি গ্রামবাসি ভাইটকান্দি বাজারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ব্যাপারে ইউপি সদস্য সেকান্দর আলী জানান, ভাইটকান্দির কিছু লোক ও তাদের কিশোর গ্যাং আশপাশ এলাকায় নানা অজুহাতে অত্যাচার নির্যাতন করে যাচ্ছে। এতে ক্ষুব্ধ এলাকাবাসি হামলা করতে গিয়েছিল। রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন জানান, হামলার প্রস্তুতির খবর পেয়ে বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানাই। পরে তাদের নিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ করি। বিষয় টা বাজার কমিটি আরও আগেই মিমাংসা করতে পারতো, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কথা হলো এ বিষয় টি নিয়ে কমিটির কিছু টা অবহেলা ছিলো। এবিষয়ে ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আহাদ জানান, আমার সাথে রোকন চেয়ারম্যানও এলাকার গণ্যমান্য ব্যক্তি । বিষয়টি মিমাংসার চেষ্টা করছি।


















