চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
-
Reporter Name - Update Time : ০২:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- ১৪৭ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় আবু তাহির (৩৪) নামের একজনকে একটি ধারায় যাবজ্জীবন এবং অপর ধারায় আরো ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেশাল ট্রাইব্যুনাল। আদেশে উল্লেখ করা হয়, একটি ধারায় প্রদত্ত যাবজ্জীবন কারাদণ্ড ভোগের পর পৃথক আরেকটি ধারায় ১০ বছর কারাদ- ধারাবাহিকভাবে ভোগ করতে হবে। সোমবার (১১ সেপ্টম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি রাজশাহীর নওহাটা পালোপাড়ার মকবুল হোসেনের ছেলে। মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২২ সালের ২৫ জুলাই র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রাতে শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড়ে অভিযান চালায়। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১টি ওয়ান শুটার গান, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলিসহ আবু তাহিরকে আটক করা হয়। এঘটনায় ওই দিন র্যাবের এসআই কামরুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২০২২ সালের ৩১ জুলাই আবু তাহিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই সুজন কুমার সরকার। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।






















