ভালুকায় বেকারিকে এক লাখ টাকা জরিমানা, ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা ধ্বংস
-
Reporter Name - Update Time : ১১:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- ৩ Time View

মোঃ জাহাঈীর আলম ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে বি-বাড়িয়া বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেকারিটি থেকে মেয়াদোত্তীর্ণ ১৫ বস্তা আটা জব্দ করে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার গফরগাঁও রোডে অবস্থিত বি-বাড়িয়া বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেকারির মালিক মুক্তা বেগমকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান সূত্রে জানা যায়, খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষায় বেকারিটিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ ১৫ বস্তা আটা শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় আটা জব্দ করে ধ্বংস করা হয়। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মাহবুব আরেফিন রাফি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহাবুদ্দিন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনে অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














