শ্রীপুরে দুই কৃষকের চার গরু চুরি
-
Reporter Name - Update Time : ১১:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
- ২১৩ Time View

মোঃ সাকিব খান শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে দুই কৃষকের গোয়াল ঘর থেকে চার গরু চুরি হয়েছে। এ ঘটনায় কৃষক পরিবারে চলছে শোকের মাতম। সোমবার দিবাগত রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের রঞ্জন কুমার মণ্ডল ও রাম কুমার মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় চোরেরা রঞ্জন কুমার মণ্ডলের গোয়ালঘর থেকে একটি এড়ে ও একটি বকনা এবং রাম কুমার মণ্ডলের গোয়ালঘর থেকে দুইটি বকনা গরু চুরি করে।
রঞ্জন কুমার মণ্ডল জানান, রাতে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান। ভোরবেলা ঘুম থেকে উঠে গরুর গোয়ালে গিয়ে দেখেন একটাও গরু নেই। তারা অনেক খোঁজাখুঁজি করেও চারটি গরুর কোনো সন্ধান পাননি।
তিনি আরো বলেন, আমরা এখন পথের ফকির হয়ে গেছি। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য কমপক্ষে পাঁচ লাখ টাকা। আমরা চুরি হওয়া গরুগুলো খোঁজাখুঁজি করতে সারাদিন বিভিন্ন স্থানে ছুটা-ছুটি করেছি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। চোরদের আটকের ব্যাপারে জোর তৎপরতা চলছে।





















