শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সবুজ মিয়া হত্যা মামলার আসামি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে আশরাফুল আলম মিজান (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। ২২ অক্টোবর মঙ্গলবার রাতে সদর উপজেলার খাসপাড়া গ্ৰাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজান ওই এলাকার মৃত হাসেন আলীর ছেলে। বুধবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। পরে বিকেলে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ তাকে আদালতে সোপর্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় নথি প্রাপ্তি সাপেক্ষে তার রিমান্ড শুনানী হবে।
র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম-সেবা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট শেরপুর জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে আন্দোলন বিরোধীদের পাল্টা মিছিল থেকে চালানো এলোপাথারী গুলিতে নিহত হয় আন্দোলনকারী শিক্ষার্থী সবুজ মিয়া (১৮)।
ওই ঘটনায় নিহতের ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১০ নং চরপক্ষিমারী ইউনিয়নের খাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে আশরাফুল আলম মিজানকে গ্রেফতার করে র্যাব। পরে বুধবার সকালে আদালতে সোপর্দের জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।