
ইয়াসমিন আক্তার
বাংলা সাহিত্যের বিশাল ভাণ্ডারে ছড়া, খনার বচন, লোককথা, লোকগাথা, লোকসংগীতসহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। এসবের মধ্যে বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-আকাঙ্ক্ষা, বিশ্বাস, সংস্কৃতি ও জীবনবোধের পরিচয় পাওয়া যায়। তাই লোকসাহিত্য ও লোকসংগীত বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
লোকসাহিত্য হলো সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সাহিত্য। লোককথা, রূপকথা, উপকথা, প্রবাদ-প্রবচন, ধাঁধা, ছড়া, খনার বচন, লোকগাথা ও লোকসংগীত এর অন্তর্ভুক্ত। এগুলোর মাধ্যমে গ্রামীণ মানুষের জীবন, লোকবিশ্বাস, সামাজিক রীতি-নীতি ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়।
লোকসংগীত হলো যে গান সাধারণ মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। মানুষের দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা, প্রেম-বিরহ, ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, প্রকৃতি ও জীবনের নানা বাস্তব ঘটনা নিয়ে লোকসংগীত রচিত হয়। মানুষের হৃদয়ের কথা অত্যন্ত সহজ ভাষা ও সুরের মাধ্যমে প্রকাশ করাই লোকসংগীতের প্রধান বৈশিষ্ট্য।
বাংলার লোকসাহিত্যে মানুষের পাশাপাশি প্রকৃতি, পশুপাখি ও মাছকে নিয়েও নানা ছড়া, গল্প ও লোকজ কাহিনি রয়েছে। যেমন ‘পুঁটি মাছের বিয়ে’-এর মতো ছড়ায় কল্পনা, হাস্যরস ও গ্রামীণ জীবনের সরল আনন্দ ফুটে ওঠে। আবার ইলিশ মাছকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব, আয়োজন ও লোকজ আনন্দ আমাদের নদীমাতৃক জীবন ও খাদ্যসংস্কৃতির পরিচয় বহন করে।
লোকসংগীতে মানুষের পারিবারিক ও সামাজিক জীবনের নানা চিত্রও ফুটে ওঠে। বিশেষ করে নারীর বাপের বাড়ির প্রতি টান, ভাইয়ের জন্য অপেক্ষা, শ্বশুরবাড়ির জীবন, প্রেম-বিরহ ও মনের কষ্ট অনেক লোকগানে প্রকাশ পেয়েছে। যেমন—
“কে যাও রে ভাটি গান গাইয়া,
আমার ভাইয়া।”
আবার—
“বছর ঘুইরা আইলো, আইলোরে,
ভাইয়ের খবর আইলো না।”
এ ধরনের গানে একজন নারীর আপনজনের জন্য গভীর আকুলতা, অপেক্ষা ও ভালোবাসার অনুভূতি প্রকাশ পায়।
বাংলার লোকসংগীতের অন্যতম গুরুত্বপূর্ণ ধারা হলো বাউল গান। বাউল গানে বাউলদের জীবনধারা, আধ্যাত্মিকতা, দেহতত্ত্ব ও ভাবতত্ত্বের কথা প্রকাশ পায়। বাউলরা মানুষের অন্তরের ‘মনের মানুষ’-এর সন্ধানকে গুরুত্ব দেন। তাই বাউল গানে আত্মঅনুসন্ধান, মানবপ্রেম ও আধ্যাত্মিক সাধনার কথা বারবার উঠে আসে।
বাউল গানে বলা হয়েছে—
“এ বড় আজব কুদরতি,
আঠারো মোকামের মাঝে
চলে একটি রূপের মোমবাতি।”
আবার—
“আমি কোথায় পাব তারে,
আমার মনের মানুষ যে রে।”
এই গানগুলোর মাধ্যমে বাউলের অন্তরের মানুষকে খুঁজে পাওয়ার আকুলতা ও আধ্যাত্মিক সাধনার প্রকাশ ঘটে।
গম্ভীরা গান লোকসংগীতের আরেকটি গুরুত্বপূর্ণ ধারা। গম্ভীরা গানে সমাজের অরাজকতা, বাস্তব পরিস্থিতি, অন্যায়-অবিচার, সামাজিক অসংগতি ও জনজীবনের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। গানে গানে এসব সমস্যার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাধানের পথ খোঁজার চেষ্টা করা হয়।
গম্ভীরা গানে সাধারণত নানা ও নাতি চরিত্রের কথোপকথনের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরা হয়। যেমন ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে নানা-নাতির কথোপকথনের মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। হাস্যরস ও অভিনয়ের মাধ্যমে গুরুতর সামাজিক বার্তা মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়াই গম্ভীরা গানের অন্যতম বৈশিষ্ট্য।
মুর্শিদি গান লোকসংগীতের আরেকটি উল্লেখযোগ্য ধারা। মুর্শিদি গানে মুর্শিদ বা আধ্যাত্মিক পথপ্রদর্শকের প্রতি ভক্তি, ভালোবাসা, আত্মসমর্পণ এবং আধ্যাত্মিক অনুভূতি প্রকাশ পায়। মানুষের অন্তরের আকুলতা, স্রষ্টার সন্ধান এবং আত্মিক শান্তির আকাঙ্ক্ষা এই গানের অন্যতম বিষয়।
এ ছাড়াও ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, মারফতি ও পালাগান প্রভৃতি লোকসংগীতের বিভিন্ন ধারা রয়েছে। ভাটিয়ালি গানে নদী, নৌকা ও মাঝির জীবন ফুটে ওঠে। ভাওয়াইয়া গানে গ্রামীণ মানুষের প্রেম-বিরহ ও জীবনযাত্রার কথা প্রকাশ পায়। জারি ও সারিগানে ধর্মীয়, সামাজিক ও দলগত অনুভূতির প্রকাশ দেখা যায়।
লোকসংগীতের অবদান বলে শেষ করা যাবে না। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি বাঙালির জীবন ও সংস্কৃতির জীবন্ত দলিল। মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, সামাজিক সমস্যা, প্রতিবাদ, আধ্যাত্মিকতা, প্রকৃতিপ্রেম ও লোকজ ঐতিহ্যকে লোকসংগীত অত্যন্ত সহজ ও হৃদয়গ্রাহীভাবে প্রকাশ করে।
পরিশেষে বলা যায়, লোকসাহিত্য ও লোকসংগীত বাংলার মাটি ও মানুষের আত্মার সঙ্গে গভীরভাবে জড়িত। এগুলোর মধ্যে বাঙালির জীবন, সংস্কৃতি, ঐতিহ্য, হাসি-কান্না, আনন্দ-বেদনা, প্রতিবাদ ও আধ্যাত্মিকতার পরিচয় পাওয়া যায়। তাই আমাদের লোকসাহিত্য ও লোকসংগীত সংরক্ষণ, চর্চা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।