ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে দোকানের তালা ভেঙ্গে পিকআপ যোগে ব্যাটারী চুরির তিনদিনের মধ্যে শুক্রবার (১৬ জুন) একজনকে গ্রেপ্তার ও ১৫৮ পিস চোরাই ব্যাটারী উদ্ধার করেছে ফুলপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যাটারী চোর চক্রের সদস্য হলো, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চর খিদিরপুর গ্রামের চান মিয়ার ছেলে মোঃ হাবিবুল্লাহ (৪৫)।
জানা যায়, ফুলপুর পৌরসভা এলাকার থানা রোডে ভূমি অফিসের সামনে “মা অটো ব্যাটারী হাউজ” হতে গত ১২ জুন রাতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা সার্টারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন কোম্পানীর অনুমান ২৫০ পিস পুরাতন পাউডার ব্যাটারী এবং ৮পিস পানির ব্যাটারী (আনুমানিক মূল্য ৬,৮২,৫০০ টাকা) চুরি করে নিয়ে যায়। এমতাবস্থায় উক্ত ঘটনার ছায়া তদন্তকালে পুলিশ ফুলপুর থানার নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা, ময়মনসিংহ জেলার মহাসড়কের পাশে সিসি, কিশোরগঞ্জ জেলার সিসি ক্যামেরাসহ প্রায় ত্রিশটি সিসি ক্যামেরা পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় চোর দলকে সনাক্ত করতে সক্ষম হয়।
পরবর্তীতে “মা অটো ব্যাটারী হাউজ”এর মালিক মোঃ আবুল কাশেম বাদী হয়ে মামলা রুজু করলে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুইয়া’র দিক নির্দেশনায়, ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদারের তত্ত্বাবধানে ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের একান্তিক সহযোগিতায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাখ্খির উদ্দিন, সঙ্গীয় এএস আই সুমন মিয়া, এএসআই আব্দুল বাসেদসহ পুলিশ ফোর্স আসামী গ্রেপ্তার ও ব্যাটারী উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনার সহিত জড়িত আসামি মোঃ হাবিবুল্লাহ (৪৫)কে আটক করে ঈশ্বরগঞ্জ থানাধীন আঠারোবাড়ী রায়ের বাজারস্ত তাহার অটোরিকশা ও ব্যাটারীর দোকান রানা মোটরস থেকে ১০০ পিস পাউডার ব্যাটারী ৩ পিস পানির ব্যাটারী উদ্ধার এবং তাহার দেওয়া তথ্য মতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন নয়াপাড়া মোরে জনৈক ফারুকের ব্যাটারীর দোকান হইতে ৫০ পিস পাউডার ও ৫ পিস পানি ব্যাটারী উদ্ধার করা হয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার গ্রেপ্তারকৃত আসামি মোঃ হাবিবুল্লাহকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।