আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া প্রতিনিধি
ময়মনসিংহের প্রতন্ত্য উপজেলা ধোবাউড়া। জেলা সদর থেকে দূরত্ব ৫০ কিলোমিটার। উপজেলার হাজার হাজার মানুষের চিকিৎসা সেবার একমাত্র আশ্রয়স্থল ধোবাউড়া ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। অর্ধযুগেরও বেশি সময় ছিল না কোন এম্বুলেন্স। রোগী ও স্বজনদের আহাজারি ছিল নিত্যদিনের সঙ্গী। এমন অবস্থায় আশার আলো আসে নতুন একটি এ্যাম্বুলেন্স। যা কিছুদিন যেতে না যেতেই চালকের অসতর্কতায় সড়ক দূর্ঘটনায় এ্যাম্বুলেন্সটি ভেঙ্গে অকেজো হয়ে যায়। এরপর থেকেই জনসাধারনের নতুন করে ভোগান্তি শুরু হয়। এমন পরিস্থিতিতে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিমের উদ্যোগে হাসপাতালের সরকারি অকেজো এ্যাম্বুলেন্সটিকে মেরামত করে সচল করা হয়েছে। সোমবার সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য এ্যাম্বুলেন্সটি ব্যবহার করার জন্য সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। এসময় তিনি হাসপাতাল ঘুরে রোগীদের খোঁজ খবর নেন এবং কয়েকটি বৈদ্যুতিক ফ্যান দেওয়ার প্রতিশ্রুতি দেন। সাথে ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাঈদ । অনেকদিন পর এম্বুলেন্সটি সচল হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারন মানুষের মাঝে। চিকিৎসা নিতে আসা মতিন মিয়া নামে এক ব্যাক্তি জানান, সরকারি এ্যাম্বুলেন্সটি সচল হওয়ায় একদিকে কমবে ভোগান্তি অন্যদিকে কমবে খরচ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাঈদ বলেন, উপজেলা চেয়ারম্যান মহোদয় সহযোগিতা না করলে এ্যাম্বুলেন্স মেরামত করতে আরও অনেক সময় লাগতো। এখন রোগীরা নিয়মিত ব্যবহার করতে পারবেন।