
ইয়াসমিন আক্তার
তোমার জন্য খুব মন কাঁদে—
কিন্তু সেই কান্নার শব্দ তোমাকে কখনো শোনাতে পারিনি।
তোমার জন্য কত কিছু করি, কতটা যত্ন নিই, কতটা ভাবি—সবকিছুই যেন বাইরে থেকে খুব স্বাভাবিক। অথচ আমার ভেতরে প্রতিদিন তোমাকে ঘিরে কত অনুভূতি জমে থাকে, তুমি তার কতটুকুই বা বোঝো?
কখনো কখনো খুব ইচ্ছে করে তোমার সামনে দাঁড়িয়ে বলি—
“তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি।”
কিন্তু কথাগুলো ঠোঁট পর্যন্ত এসেও থেমে যায়। কারণ অনুভূতি বোঝাতে গেলেই মনে হয়, তুমি হয়তো সেটাকেও অন্য কিছুর মতো সহজ করে দেখবে।
তুমি জানো না, তোমার একটু অবহেলাও আমার ভেতরে কত রাতের নিঃশব্দ কান্না হয়ে জমে থাকে। তুমি জানো না, তোমার একটা ছোট্ট কথার জন্যও আমি কতটা অপেক্ষা করি। বাইরে থেকে যতটা শক্ত দেখাই, তোমার ব্যাপারে আমি তার চেয়েও হাজার গুণ বেশি দুর্বল।
আমি কখনো তোমার জীবনে থেকে যাওয়ার জন্য আসিনি।
হয়তো এসেছিলাম কিছুটা ভালোবাসা দিতে, কিছু স্মৃতি রেখে যেতে—তারপর একদিন নীরবে চলে যেতে।
কারণ ভালোবাসা সবসময় পাওয়ার নাম নয়।
কখনো কখনো ভালোবাসা মানে হলো—
নিজের সমস্ত অনুভূতি বুকের মধ্যে লুকিয়ে রেখে, প্রিয় মানুষটির ভালো থাকাকে দূর থেকে দেখে যাওয়া।
শুধু একটা আফসোস থেকে যাবে—
আমি তোমাকে ভালোবেসেছিলাম, অথচ কোনোদিন ঠিক করে বুঝিয়ে বলতে পারিনি, কতটা ভালোবেসেছিলাম।
আর তুমি হয়তো কোনোদিন জানবেই না—
তোমাকে ভুলে যাওয়ার অভিনয় করতে করতে, আমি প্রতিদিন একটু একটু করে নিজেকেই হারিয়ে ফেলেছি।