নিজস্ব প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলায় চতুর্থ ধাপে ২য় পর্যায়ে ভ‚মিহীন ও গৃহহীন ৬০ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের পাকা ঘর পেয়েছেন। এরমধ্যে খলেয়া ইউনিয়নের লালচাঁদপুর আশ্রয়ন প্রকল্পে ১৫টি, হরিদেবপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে ২০টি, চন্দনপাট ইউনিয়নের বৈকুন্ঠপুর আশ্রয়ন প্রকল্পে ৫টি এবং সদ্যপুস্করিনী ইউনিয়নের জমিদার পাড়া, কাটাবাড়ী ও পুকুর পাড়ে ২০টি পরিবার রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আশ্রয়ন প্রকল্পের আওতায় ৬০টি ঘর উপকারভোগীদের নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। গতকাল বুধবার সকালে সদর উপজেলা পরিষদ হল রুমে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোজাম্মেল হক রাসেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন ও কাজলী বেগম,সহকারী ভূমি কমিশনার আহমেদ সাদাত, কোতয়ালী সদর থানার ওসি সুশান্ত কুমার সরকার, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন কবীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাইম হাসান খান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই শতাংশ জমির দলিলসহ এই ঘরগুলো উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে হস্তাহন্তর করেন। ঘর পাওয়া এক বৃদ্ধা নারী অভিব্যক্তি প্রকাশের সময় বলেন,ছেলেরা তাকে বাড়ী থেকে বের করে দিয়েছিল। তারপর মেয়ের সংসারে বোঝা হিসেবে খেয়ে না খেয়ে চলতো তার জীবন। থাকতে হতো গোয়াল ঘরের একটি কর্ণারে। তিনি কখনো ভাবেনি তার নিজ নামে জমি ও পাকা ঘর হবে। মাথা গোঁজার স্থায়ী ঠিকানা হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে খুঁজে বের করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া জমি পাকা বাড়ী প্রদান করেন। এ কারণে কৃতজ্ঞতার কান্নায় চোখ ভিজে আসে তাঁর। সরকারের দেয়া জমির দলিল ও ঘরের চাবি হাতে পেয়ে আনন্দে কেঁদেছে ঠাঁই ঠিকানাহীন দুঃস্থ ওই নারী।