মোখলেছুর রহমান মনির
টাপুরটুপুর বৃষ্টি ঝরে
বাইরে যেতে মানা
ইচ্ছে করে ছুটে যাই
মন তো মানে না।
পিছে বাবার কড়া শাসন
মা'য়ের হাতের পিটুনি
নইলে কিন্তু ছুটে যেতাম
চোখ বন্ধ করে এক্ষুনি।
জালনা দিয়ে চেয়ে দেখি
নন্দিনী আর নীলিমা
আনন্দ করছে তারা মিলে
খুশির নাই তাদের সীমা।
পাশের বাড়ির খোকনও যে
আসলো বুঝি ছুটে
জলে ভিজে সে-ও একাকার
মজা নিচ্ছে লুটে।
বারান্দায় দাঁড়িয়ে টিশা মনি
অপলক দৃষ্টি তার
পারছে না সে-ও ছুটে যেতে
পিছে শাসন দাদার।
ঝরতে ঝরতে কখন যেনো
থেমে গেলো মধুর বৃষ্টি
আনন্দ আর হলো না করা
শাসনটাই যতো অনাসৃষ্টি।